Tuesday, November 4, 2014

যজ্ঞং দধে সরস্বতী !
পাবীরবী কন্যা চিত্রায়ূ: সরস্বতী ধিয়ং ধাত্ !
গ্নাভিরচ্ছিদ্রং শরণং সজোষা দুরাধর্ষং গৃণতে শর্ম্ম যং সত্ !
---কৃষ্ণযজুর্বেদ/একাদশ অনুবাক
বাংলার্থ : বীরগণ উত্পাদনকারিণী, বীরপত্নী, ছন্দযুক্তা, কমনীয়া, বিচিত্রজীবনশালিনী সরস্বতী আমাদের পরাভবহীন অনন্ত সুখ দান করুন !
ধার করে আনা রোদে তাপ নেই, বলে, ভেবো না, জ্যোত্স্না তার নাম !
কাকে বলে জীবন ?
মৃতের মতো এই বেঁচে থাকাকে ? জড় পাথরের মতো অনুভূতিহীন এই থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কি করে করা যায় ?

পথ বাঁক নেয়, নদীও ! লোকে বলে, জীবন, এই নদী ও পথের মতো, বাঁক নেয় ! এই বাঁকের ওপাশে অনিশ্চিত এক ত্রাস ও আশংকা থাকে তার থাবা মেলে, কখনও বা স্বপ্ন !
এইসব জীবনের অংশ, জীবন নয় !
জীবন তাহলে কি ?
দুদিনের হাসিকান্না ? না কি ঐ সাপলুডো ? সাপের মাথায় পড়ে, পুনরায়, প্রথম থেকে শুরু করা ?
পথ ও নদী তা করে না, তারা জানে, চরৈবতি !
আর এই চলা মূলত মৃত্যুর সমীপে, এক ধ্রুপদী কবিতার মতো, নীরব, নিঃসঙ্গ অথচ দৃঢ় !
না, জীবন নদী নয়, পথও নয়, এ আসলে এক ভাটিয়ালি সংগীত !
চাকুরি থেকে অবসর নেবার পরও, হায়, চাকুরি আর আমাকে ছাড়ছে না !
পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত Tribal Arts & Folk Festival সম্পন্ন করে দিতে হবে আমাকেই ! আদিবিম্ব নামের এই ফ্যাস্টিভ্যালে ত্রিপুরার ঊনিশটি উপজাতিগোষ্ঠীর সতেরটি গোষ্ঠী তাদের নৃত্য ও সঙ্গীত নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন, আর আসাম ও মনিপুর থেকেও আসছেন শিল্পীগণ !
আগামী আট ও নয় নভেম্বর এই ফ্যাস্টিভ্যাল ! স্থান রাজর্ষি কলাক্ষেত্র, উদয়পুর !

অবসরপ্রাপ্ত, এবং সরকারের নাপছন্দ লোক আমি, তবু আমাকেই অনুরোধ করা হলো, আর আমিও না করতে পারলাম না, একজনের দিকে তাকিয়ে !
হ্যাঁ, তিনি সুব্রত দেব !
একদা উদয়পুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং অতিসজ্জন !
ঘরেং অচ্ছই বাহিরে পেচ্ছই
পই দেকখই পডিবেসি পুচ্ছই
সরহ ভণই বঢ জানউ অপ্পা
ণউ সো ধেয় ণ ধারণ জপ্পা !

--- সরহ দোঁহাকোষ
মোহই কি আসল ? সকল সম্পর্কের পেছনে তাহলে কি এই মোহ ? না কি আর কেউ আছে ? সে কে ?
মায়া ? সে তো মোহ-র ছোটো বোন !
মোহ কেটে গেলে, মায়া ফুরিয়ে গেলেও, অনেক সময় বেঁচে থাকে সম্পর্ক, সে বেঁচে থাকা প্রাণের তাগিদে !

এই প্রাণই আসল, সেই চায় ভালোবাসা, সেই রচনা করে বিরহ, সৃষ্টি করে নিজের জগত...যে জগতের ঈশ্বর মন !
'দেখার আগে চিনেছিলাম,
দেখার পরে চিনতে পারিনি...'

উদ্ধৃতিটিতে হয়তো ভুল থেকে গেলো খানিকটা, কিন্তু সারমর্মটুকু এই...