Saturday, January 3, 2015

বলার ছিল না কিছু, চুপ করে থাকাটাই
দস্তুর এখন,
শব্দহীন, ধ্বনিহীন এই থাকা মূলত যে
প্রতিবাদহীন !
অস্তিত্ব টিকিয়ে রাখি ধুলিরচিত ভবিষ্যে,
আর অনস্তিত্বে,
অন্ধ ভিখারির গান শুনি, একা, দূর থেকে,
পারাপারহীন !
ব্রেনসেলসের ভেতরে, না, নিউরন
নয়, কিলবিল করছে অনেকগুলি পোকা,টের
পাচ্ছি, তাদের ঐ ছটফট,
দাঁত বসাচ্ছে নরম, থকথকে জেলি
আর উষ্ণতর ঘিলুমুখে !
অপেক্ষা করছি, পোকাগুলি ডানা মেলে
কখন উড়তে শুরু করবে দিগন্ত
পার হয়ে, দূরে, শ্বাসহীন এক জগতের দিকে
এই যে, দাঁড়ান, দাঁড়ান, একটা কথা বলে নিই,
ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠালেন ছদ্মনামে, কেন পাঠালেন, বলেননি, আপনি কে, কি করেন, অথচ আপনি জানেন না, এই আমি সুবিধের লোক নই, বলতে পারেন, ওয়াকিং ডেডম্যান থেকে কয়েকবছর হলো প্রমোশন পেয়েছি আমিও ! মানুষ হইনি ! কোনো ভালো কাজ করতে পারিনি কোনোদিন, জেলঘুঘুদের মত এই জীবনে, কোথাও আলাদীন নেই, অস্তিত্বহীনতা কাকে বলে জানি, তবু আপনি আমাকে পাঠালেন ফ্রেণ্ডরিকোয়েস্ট !
পরিচয়হীন এক লোকের কাছে ঐ রিকোয়েস্ট, মানে, পরিচয়হীন আরেক লোকের রিকোয়েস্ট, সত্যি বলতে কি, আনওয়ান্টেড !
কবি, এই দিনে,
আর প্রয়োজন নেই কোনো কবিতার,
এখন ধরতে হবে অস্ত্র,
সেপাই যেভাবে অস্ত্র ধরে,
সেভাবে না, প্রভু বা রাষ্ট্রের স্বার্থে নয়,
এতদিন তারা
স্টিয়ারিং ধরেছিল, জয়গান তুমি
করেছিলে ভুল করে, এখন পাল্টাও,

তোমার কলম হোক একে ফরটি সেভেন
আর নিশানা, ঐ, মহাপ্রভুদের দিকে !
না লেখার ছলে,
এতখানি পথ আমি এসেছি পেরিয়ে
রাত হয়ে এল,
এখন বিশ্রাম চাই, জোর ভালোবাসা
এসপার ওসপার করে
ভালোবাসো, হে ময়ূর, হে সুন্দর, নীল...
এ জীবন লইয়া কি করিব, যদি তা কোনো কাজেই না লাগে ?
লেখো, যা খুশি...
ফরাসী কবি অঁরি মিশোর এই পংক্তিটি আমার মতো ফেসবুক লিখিয়েদের কাছে একটা পাসপোর্ট, কবিতার জগতে প্রবেশের !
ছাইপাশ যাই লিখি, সতেরোটা লাইক পাই,
দু-একটা আহা উঁহু কমেন্ট আসে, আমার আর কি চাই ?
অমরত্ব যাদের প্রয়োজন, আমি তাদের দলে নেই, ছিলাম না কখনও ! ফলে, এই জীবনের প্রথম উচ্ছ্বাসকালে, দু-একটা লেখা কোথাও ছাপা হলে, তা সংগ্রহে রাখিনি !
এই যেমন, গল্পকার দেবব্রত দেব-এর তাগাদা খেয়ে, একবার, ত্রিপুরার এক দৈনিক পত্রিকা, স্যন্দন-এ একটা উপন্যাস লিখেছিলাম, যার শুরু হয়েছিল, কোর্টে, স্বামী-স্ত্রীর ডিভোর্সের ঘটনা দিয়ে !
এখন, সেই উপন্যাসের কপি বা পাণ্ডুলিপি আমার কাছে নেই !
সংগ্রহে রাখার বাতিক যার নেই, সে লেখক হবে কি করে ?
অঁরি মিশো এই বিষয়ে কেন কিছু বললেন না ?