Saturday, January 3, 2015

ওম্ হ্রীং ক্লীং শ্রীং স্বাহা...
এই নাও রজ,
আগুন জ্বেলেছি যজ্ঞপীঠে,
মুখ খোলো, নাও,
আমার সকল ভ্রান্তি সহ এই মধু
পূর্ণ হও ধরণীর মতো

জড়িয়ে ধরার আগে, নাও এই জিভ
বাক্যহীন করো একবার !
দুহাজার পনেরোর পর
দেখা হবে, নিশ্চয়, ষোলতে !
তখনও কি এভাবে তুমি
উষ্ণতার স্পর্শ দেবে, ওষ্ঠ ও অধরে ?
দুটি কিসমিসে দাঁত রেখে
আঁকতে পারবো চরাচরহীন এক ইতিহাস ?
আই এল এস হাসপাতালের বেড়ে
শুয়ে লিখবো না বুঝি তোমার শরীর ?
দুহাজার চৌদ্দ চলে গেলো
বড় অভিমানে, একা একা,
শয্যা শূন্য করে এক নিখিল অসীমে
যেন সে প্রেমিক, প্রত্যাখ্যাত !
আগামী ষোলয়, আর প্রত্যাখ্যান নয়,
তোমার গভীরে নিও আমার কলম !
শূন্য পাতা ভরে দিও আঁঠার অক্ষরে,
অমর নাভির মত লেখায় লেখায়...
ইংরাজি, মজাদার খুব,
বাজি পুড়ছে ঐ,
চারদিকে মাতাল মাতাল
সুখ, নববর্ষ বলে কথা !
বাংলায় এত রস নেই,
ভাবে যারা, আমি
তাদের দলেও নেই, ঐ যে,
বিষুব সংক্রান্তির রাত
মণ্ডপে মণ্ডপে পাশাখেলা
আর নৃত্য ও সঙ্গীতে, প্রেমে,
মজে থাকে, কই,
ইংরাজি নতুন বছরে
আমি তা পাই নে, আমার ঐ
বাংলা সনের ছন্দলয়ে
ধার করা মাতলামি নেই,
আছে স্নিগ্ধ, সৌম এক প্রেম,
কীর্তনের সুরে,
আকাশও নাচে তালে তালে...
তবু, এসো আজ ইংরাজি
স্বাগত জানাই
খেঁজুরের রসে, পিঠেপুলি
ভাটিয়ালি গানে,
এসো, এই দাওয়ায় বসো,
অতিথি ঈশ্বর,
তোমাকে বরণ করি হাড়ে ও মজ্জায় !
তোমার গরলে
স্নান করি আমি,
প্রতি সন্ধেবেলা
ভরে রাখো কুয়ো
ডুব দিই আমি,
সাঁতার জানি না
ফলত ব্যবস্থা
করেছো কুয়োর !
পুকুর বা দীঘী,
নদী বা সমুদ্র
সবখানে ডুব
দিতে পারি, যদি
তা তোমার হয়,
গরলে কী সুখ
আমি ছাড়া, বলো,
জানে কয় জনে ?
ঐ যে, লুব্ধকের,
ব্রহ্মহৃদয়ের
মতো তারাগুলি
প্রতি রাতে বসে
থাকে একা একা,
তোমার গরলে
একবার ডুব
দিতে যদি ডাকো
আশায় আশায়...
তাদের রেখেছো
প্রতীক্ষার ঘরে,
আমাকে দিয়েছো
ঠাঁই, ঐ নরম
ও উষ্ণ কুয়োয়,
তোমার উজ্জ্বল
গভীর গভীরে...
তোমার গরলে
রোজ স্নান করি...
ও আমার ভাষা,
আমার প্রেমিকা !
বৃষ্টির মতো তুমিও ছড়িয়ে পড়ছো
আমার চারপাশে...
জর্দা বলতে একশো কুড়ি,
কখনও বা একশো ষাট,
এটুকুই দৌড়,
মিঠে পাতি দিয়ে, এই পান,
এই নেশা, তোমার ঐ বুকে
মুখ ডুবাবার মত, মাদকতাময়...

এটুকু নেশার ভেতরে তোমাকে খুঁজি
দিনরাত, ঘরে ও বাইরে...
বানপ্রস্থে এসে কোনোদিন
আর ফিরে যাবো না গার্হস্থ্যে,
বলেছি নিজেকে !
কপিলাবস্তুর দিকে ঘন অরণ্যের
কোথাও আস্তানা
বানিয়ে থাকবো, ভীমবেটকার গুহা
বা ঐ অরুণাচলের দিকে
চলে যেতে পারি...

গৃহ নয়, আমাকে টানছে পরজন্ম
দূর থেকে সে আমাকে ডাকে,
উদাস, উদাস, চলে এসো...
সকল ভ্রান্তির পথ পার হয়ে আমি
এসেছি নির্জন বানপ্রস্থে...