Saturday, January 3, 2015

ছবি পাল্টে পাল্টে
কি খুঁজছো তুমি ?
প্রোফাইল, এক
আত্মঘাতী রূপ,
ইস্তেহার ভেবে
ছড়িয়েছো একে
দূর থেকে দূরে,
খালি ইনবক্সে !
ছবি, মূলত যা
স্মৃতিকাতরতা
ফিরে ফিরে দেখা,
নিজেকে, না কি সে
পথ, হারিয়েছো
গীতবৃন্দাবনে ?
লাইক পড়ছে,
আসছে কমেন্ট,
তৃপ্তি মেলে তাতে ?
কোথায় সে ওম্ ?
একা দুপুরের
পথে পথে তার
উষ্ণ শ্বাস, স্পর্শ,
মেলে কি লাইকে ?
পাল্টে পাল্টে ছবি
কি খোঁজো, সুন্দর ?
শরীর, নেমেছো অথৈ জলে,
জল, না কি, আগ্নেয়গিরির
লাভা, বিস্ফোরণপ্রিয়, মেখে
নাও মাঝরাতে,
ভাঙে আধোঘুম, স্নান শেষে
ভাবো, এই চেয়েছিলে তবে ?
না কি, গভীরের টানে, ডুবে
যেতে যেতে চেয়েছো নিজেকে ?
সালতামামির কথা থাক,
তারচেয়ে ঘুরে আসি আগামী বছর,
জলপথে নয়,
সড়কও নয়, দুর্ঘটনাপ্রবণ সে,
রাহাজানি, দাঙ্গা, পার হয়ে,
মুদ্রাস্ফীতি থেকে সরে গিয়ে,
আর্তপথে, একা,
ঘুরে আসি দুহাজার পনেরোর দেশ !

আগামীর সঙ্গে গত একবছরের
দেখা হবে নির্জন পার্কের
গেটে, উইশ জানাবে একে অপরকে !
ধুলি ও কীটের কাছে রেখে যাচ্ছি আমি
এইসব পাণ্ডুলিপি, খেরো খাতা সহ !
পাঠক হিসেবে, প্রণাম জানাই
তাহাদের...
অক্ষরগুলি ছুটে আসছে খেরো খাতায়,
প্রার্থনা করছে,
গ্রহণের আগে, কলম দেখে নিচ্ছে
প্রস্তুতি, আলো ঠোঁট এগিয়ে আনে প্রদীপের
দিকে, দৃশ্য জুড়ে
হাততালি, উল্লাস, মাইক্রোফোন
এগিয়ে যায় মুখের কাছে !

হর্ণ নয়, গমগম আওয়াজ শোনাচ্ছে
রসিক কানদুটিকে,
প্রাগ-ইতিহাসের কথা :
শূন্য দশকের পর কোন দশকের
নাম আসবে এবার ?
তুমি জানো, নতুন কবিতা ?
তোমার ঐ লাল পাপড়ির দিকে
তাকিয়েছিলাম, আর
ভাবছিলাম, ঐ রূপ এত আকর্ষণীয়,
এত রস, ভাবের অর্ধেক
ডুবে যাবে মুহূর্তেই, উপমা এখন বড় ক্লিশে
অর্থহীন মনে হয়, কালিদাস নই,
সামান্য বলতে যা বোঝায়,
আমি তার চাইতেও কম,
তবু আজ মজে আছি পাপড়ির লালে,
তার নরম ও উষ্ণ রঙে !
এ শহরে রেল নেই, উদ্দামতা আছে,
এ শহরে বার নেই, রাতভর মদ
আছে গলিতে গলিতে, এই
শহরের কথা আমি বলিনি কখনো,
এ শহরে পাগলা গারদ নেই, আছে পাগলামি
এ শহরে গান নেই, মাইক বাজছে
একা একা, আর
শহরের যুবকেরা বেঁহুশ নাচের তালে তালে
এ শহরে আমি থাকি গ্রাম থেকে এসে
আমার গ্রামের গন্ধ এ শহরে খুঁজি,
আমার গ্রামের রাত এ শহরে নেই,
এ শহরে, নিদ্রাহীন থাকি !