Saturday, January 3, 2015

দুঃখী মানুষের মতো রোদ উঠেছিলো
ছাদে, তাকে ঘিরে মহল্লার
সকল যুবতী আজ নেচেছে আনন্দে
যেন পিকনিকে এসে মস্তি
করছে সবাই, গান বাজছে, আ গয়া
মেরে দিলবর...
দুঃখী মানুষটি কেবল জানে না, এই
যুবতীরাও মূলত নিঃসঙ্গ,
উষ্ণতা-কা ঙাল রূপ তাদের জীবন
করেছে আতুর আর নীরব উজ্জ্বল !
এমনই দিনে তারে বলা যায়
এমনই ঘনঘোর কুয়াশায়...
মরণ আমার শ্যাম নয়,
আমার ঐ রাধাপ্রেম, এটুকু সম্বল,
এই যে না-পারা, তাও, এই
জড়ভরতের দেশে আলোচ্য বিষয়...
বিষাদগ্রস্ত রাত্রির কাছে
ভিক্ষা চেয়ে ফিরে আসে একা সে সাধক,
সেও জানে, সফলতা ছাড়া
এ দেশে বাঁচে না নিরীহ সে মূষিকও !
IL Postino মাইকেল রেডফোর্ড-এর ছবি, পাবলো নেরুদা ও এক পোস্টম্যানের সম্পর্ক নয় শুধু, একটি কবিতাও !
আমার গতজন্মের পূণ্য, এই অসাধারণ ফিল্ম আমাকে পাঠিয়েছেন এক দূরঅন্তর্বাসিনী, যার নাম বলা বারণ, না হলে এই অজমফস্বল শহরে বসে দেখা সম্ভব ছিলো না আমার পক্ষে ! তাঁর পাঠানো বার্গম্যান-এর The Seventh Seal দেখে বাকরহিত আমি ! মৃত্যুর সঙ্গে দাবা খেলার এই স্পর্ধা কবি ছাড়া কজনে পারে ?
IL Postino ছবিতে, পাবলো নেরুদার কাছে মারিও, যিনি টেম্পোরারি পোস্টম্যান হিসেবে কাজ পেয়েছিলেন, জানতে চেয়েছিলেন, কবিতা কি ?
পাবলো নেরুদা সংক্ষেপে জবাব দিয়েছিলেন, মেটাফর !
মেটাফর শব্দটি বেচারি মারিওর অজানা, ফলে সে অবাক হয়ে জিগ্যেস করে, এটা কেমন শব্দ ? আর কোনো শব্দ নেই ? আর এটার মানেই বা কি ?
নেরুদা হেসে জবাব দিলেন, এটার মানে মেটাফর !
মারিও আবার জিগ্যেস করে, আমি কি কবিতা লিখতে পারবো ?
শীর্ণ, রোগা পাতলা মারিওর দিকে তাকিয়ে, নেরুদা বললেন, তুমি খুব পরিশ্রমী, অলস আর মোটা নও ! কবিতা তো অলস ও আমার মতো মোটারাই লেখে !

মারিও আর পাবলো নেরুদার ঐ আলাপ যে কোনো তরুণ কবির কাছে জরুরি !
নখে কাটি জিহ্বা,
মিথ্যা বলেছে সে !
চোখে ভরে দিই
জ্বলন্ত কাঠিটি
মিথ্যা দেখেছে সে,
আর দুটি কান ?
লোহার শলাকা
দিয়ে পর্দা কাটি
কোনোদিন যেন
মিথ্যা সে না শোনে...
চারদিকে তবু
মিথ্যার দামামা
জনসমাবেশ
গোপন কমিটি
টিভি চ্যানেলের
মূঢ কথকতা
নৈঃশব্দ, তুমিও
আমার মতন
কেটেছো ঐ জিহ্বা ?
আগুনে ভরেছো
তোমার দু-চোখ,
নীরব সুন্দর ?
বোনের শরীর কাল এঁটো করে গেছে
যারা, তারা আজ ভোট চাইতে এসেছে !
কাল ছিল পিস্তলের নল,
আজ শুধু ভিক্ষুকের ঝুলি !
আমার বেকার বাবা, অসুস্থ মা, বোন,
সকলে করেছি ঠিক, ও পথে যাবো না !
ভোট নয়, আমরা চাইছি,
সদর দপ্তর নয়, আদালত নয়,
গণবণ্টনের মত চিরক্ষমতাকে
ভাগ করা হোক আজ ধুলির আকাশে !