Wednesday, August 6, 2014

আমার সবকিছুতেই তুমি...
এই সরল কথাটি অনুধাবন করতে একটা লোকের কেটে যায় সমগ্র জীবন, কারও কারও দশ জন্ম পার হয়ে যায়...
বোঝে না বলেই এত লড়াই, এত কলহ, এত আস্ফালন, এত লাদেন এত ওবামা, এত মতবাদ...
তোমার সবকিছুতেই আমি যখন থাকবো, সেদিনই থেমে যাবে পৃথিবীর সকল যুদ্ধ...
ডানদিকে শপিংমল, বাঁদিকে পার্টি অফিস, তারপর চোলাই মদের ঠেক, পেছনে শ্রী শ্রী 108 বাবার আশ্রম, একটু দূরে মসজিদ, এই জায়গা পেরিয়ে, সামনে বাজার, তার পাশ দিয়ে পুরানো গলি, গলির ভেতরে তার ঘর...
এই নির্দেশিকা, এই মানচিত্র, হাতে ধরে, ভাবি, এই তিনি কে ?
বিনোদিনী আর নেই, বিনোদ কি তার কেউ ? সকল প্রার্থনা এসে তবে কেন এখানেই শেষ হয় ?
যে জীবন চেয়েছিলে, তুমি তার পাও নাই কিছু...
মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি, আসন্ন সন্ধ্যার রঙ, সামান্য নীল মিশে গেছে ঐ প্রখর লালে, যেন অভিমান মুখ লুকোতে চাইছে ক্রোধের আড়ালে, ক্রোধ ক্রমে রূপান্তরিত হচ্ছে অলৌকিক ভালোবাসায়, সন্ধ্যার এই ভালোবাসা বহু জনমের, বহু প্রার্থনার...

আমি আজ সার্থক, সন্ধ্যার এই অনির্বচনীয় রূপ ও ভালোবাসায় মজে থেকে...
ভাষার সৌন্দর্য কোনো লেখাকে আরও আকর্ষণীয় করে তোলে ! এই সরল সত্যটি কবি ছাড়া আর কে বোঝে ?
ফলে, বাংলা ভাষার রূপমাধুরী কবি ও শিল্পীরাই অনুভব করেছেন বেশি !
রাত হয়ে এলে ভাবি, দিন গেলো বৃথা
দিন এলে বলি, জেগে ওঠো,সমর্পিতা

তিনটি রাস্তার মোড়ে বসে আছি আজ
কোন পথে গেলে বলবে না জাঁহাবাজ !
প্রাকৃত ভাষায় কথা বলিবার ইচ্ছা, মনে হয়, ইহাতেই প্রাণ আছে !