Thursday, August 29, 2013



রোজ ত্রিশ পংক্তি, মাসে নব্বুই পংক্তি উত্‍সর্গ করব সকল মৃতদের । রোজ ত্রিশ পংক্তি, মাসে নব্বুই পংক্তি উত্‍সর্গ করব জীবিতদের । নিজেকে উত্‍সর্গ করেছি স্বপ্নের কাছে । মনখারাপ, এবার দেখব, তুমি কি করে এই চৌহদ্দিতে ঢোকো ? কুকুর লেলিয়ে দেব, বলে রাখলাম ।


কিছুই দেখিনি । আকাশ কখন মাটিকে জড়িয়ে শুয়েছিল ঐ খোলা নদীর চরে, কৃষ্ণনবমীর রাতে, নদী দেখেছিল ঐ সঙ্গমদৃশ্য । তার শরীরেও এসেছে জোয়ার, নৌকাহীন জলে, বলে উঠেছিল, চুপ, দেখে যা, এই অলৌকিক । নেমে এসেছিল নক্ষত্রমণ্ডল, রাশিচক্র, দ্রেক্কান ও ত্রিশাংশ । পড়ে থাকা মৃতমাছেদের আঁশে সেই চিহ্ন দেখি । রতিউত্‍সব, শৃঙ্গারধ্বনির কথা লেখা নেই ইতিহাসে, বৃষ্টি তবু বলে যাচ্ছে, শোনো, শোনো...

Wednesday, August 28, 2013


হউরি গেইয়ে পাড়া বেড়াইত পাড়াত বই থক । ননন গেইয়ে গরু চরাইত বাঘে ধরি খক ।। (চিটাগাঙী প্রবাদ)



লা লা ললা...সুর এসেছে অসুরঘরে... লা লাললা...ভোলেনি বঁধুয়া আমার এ ঘর...লা লাললা...


আমিও লিখে ফেলবো মহত্‍ কবিতা, গাইবো ঠুমরী, এঁকে ফেলবো ইম্প্রেশনিস্ট ছবি, গাধার মুখ বসাবো নেতাদের ঘাড়ে, মোলভীকে বলবো,চুপ কর, অনেক বাতেলা মেরেছিস, এবার দরবারী কানাড়া শোন, পুরোহিতকে বলবো, টিকি ছেটে আয়, আজ মেথরের বাড়িতে ভোজসভা, পাদ্রীকে বলবো, এসো, গীর্জাকে বানাই, শিশুদের পাঠাগার । আজ ঠিক করেছি, সকল প্রেমিকাকে খাইয়ে দেবো ভদকা আর প্রেমিকদের বলবো. চলো, রাস্তা আর হাসপাতাল সাফাই করবো । আজ থেকে কোনো কারখানাতেই তৈরি হবে না অস্ত্র, ব্যাংকগুলির লকার খুলে দেওয়া হবে পথভিখারিদের । আজ থেকে আমার মনখারাপকে দিয়েছি ছুটি, সে বেড়াতে যাক তাহিতি । ফরমান জারি করার জন্য বলে দিয়েছি প্রধান বিচারককে, ঐ ফরমানে তাকেও দেওয়া হবে ছুটি । থানা ও জেলগুলিতে এখন থেকে খোলা হবে লাভার্স ক্লাব । পরজন্মকে ডেকে বলবো, এই রাতে বাসর সাজাও । একান্তে, আঁধার পেরিয়ে, সে আসবে চৌদ্দ নম্বর সেল । তাকে ঠিকানা বলে দিও, হে অগ্নি !