Friday, September 18, 2015

শর্ত এটুকুই,
গণ্ডী টানা আছে, চৌকোণো, তার বাইরে
থাকতে হবে, তাহলে, এসো ।
অন্দরমহলে, মনে রেখো, কোনোদিন
প্রবেশ নিষেধ ।
শর্ত এটুকুই,
যদি রাজি থাকো, বলো, কবুল কবুল !
যদি রাজি থাকো, বলো, অন্দরেবাহিরে
নিকাহ সম্পন্ন হবে, কবুল, কবুল !
শর্ত এটুকুই,
যদি রাজি থাকো,
জীবিত ও মৃতে হনিমুন হবে আশ্বিনের শেষে ।
তোমাকে কোথায় রাখি, এইটুকু ঘর,
পিঁপড়ের বাসা এর চেয়ে ঢের বড় ।
কুড়িয়ে এনেছি কিছু ক্ষুদ,
নুন মেখে দিয়েছি থালায়, খেয়ে নাও ।
ফুরিয়ে এসেছে রাত, ফিরে গিয়ে বলো,
দুহাজার তিরিশের পর, পুনরায়, দেখা হবে
গৃহনির্মাণের কাজ ততদিনে ঠিক শেষ হবে !
তোমাকেই লিখি, বারবার ।
লেখক হতাম যদি, প্রতিটি অক্ষরে
রেখে দিতাম তোমার শ্বাস ।
বুকের ঐ উঠানামা, মেলে ধরা ঊরু,
আর তির তির করে কেঁপে ওঠা ঠোঁট...
লেখক হইনি, তবু তোমাকেই লিখি
আগামী জন্মের পরে চিত্রকর হবো...
পুনরায়, মূষিক নয়, রীতিমতো সিংহের মত এলাম মাঠে...
সিংহই তো, মূষিক হবো কেন ?
অপরাধতত্ত্ব এক জটিল তত্ত্ব । লোভ এর পিতা, মাৎসর্য এর সঙ্গী, আর মাতা স্বয়ং মোহ ।
হোটেলের জানালা থেকে দীঘার সমুদ্রকে মনে হচ্ছে ব্রজবালা রাধিকা, প্রতীক্ষা করছে মিলনের ।
অলিখিত এই বেঁচে থাকা ।
মৃত্যুও লিখিত নয় । গ্রহদোষ যাকে বলো তুমি,
সে কেবল প্রাণতৃষ্ণা, মেটে না সহজে ।
এই সব ভাগবতে লেখা নেই, বেদ বা পুরাণে
পাবে না কখনও, কোরাণ বা বাইবেল
এসব বলে না । পরাশরকথা থাক,
নারদপুরাণে নেই । শূন্য থেকে শূন্যে
যেতে যে সাঁকোটি পার হতে হয়, একা,
তাকে বলো, প্রেম, বলো, মৃত্যু...
নক্ষত্রদোষের কথা, প্রাণ জানে, মন...